স্বপ্নিল-- দেখ হৃদয় আমাদের স্বপ্নপুরীতে সবকিছুই তোমাদের নিকট স্বপ্নের মতোই মনে হবে। তোমাদের বাস্তবতার সাথে অনেক কিছুই মিলবে না। বলতে পারো অত্যন্ত আজগুবি, অবাস্তব, ভিত্তিহীন মনে হতে পারে। তবুও যেহেতু তুমি এত আগ্রহ সহকারে জানতে চাইছ তাই তোমাকে বলছি। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো;
তোমরা যে পণ্য ব্যবহার করো (যেকোন পণ্য, মনে করো সাবান)- তা ক্রয় করার সময় বা ক্রয় করার পূর্বে তোমরা কোন কোন বিষয়গুলোকে সবার আগে বিবেচনা করো? অর্থাৎ কী ধরণের মানদন্ড ব্যবহার করো তোমরা যেকোন ধরণের পণ্য ক্রয় করতে যেয়ে?
হৃদয়- - দেখ, সবার কথাতো বলতে পারবো না, তবে আমি যে বিষয়গুলো নিয়ে ভাবি- সেটা বলতে পারি। তাছাড়া বেশির ভাগ মানুষই হয়তো আমার মতোই ভাবে; আর তা হলো- প্রথমে পণ্যটির প্রয়োজনীয়তা (অর্থাৎ সেটি ক্রয় করা আমার জন্য এই মুহূর্তে কতটুকু দরকার), তারপর তা ক্রয়ক্ষমতা, এরপর একে একে পণ্যের গুণাগুণ, রূপ-সৌন্দর্য্য, লেবেল ইত্যাদি এবং সর্বশেষ (অর্থাৎ কেনার পূর্ব মুহূর্তে পণ্যের বিকল্পগুলো থেকে বাছাই করার ক্ষেত্রে) মনের মাঝে উঁকি দেয় উক্ত পণ্য সম্পর্কে যদি কোন আকর্ষণীয় বিজ্ঞাপন থাকে সেটি।
স্বপ্নিল-- দেখ হৃদয়, প্রয়োজনীয়তা ও ক্রয়ক্ষমতা ব্যক্তিবিশেষে এবং সামর্থঅনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে; তবে এই কথাটা আমাকে একটু বুঝাও তো- পণ্যের গুণাগুণ বিচার করো কিভাবে তা ব্যবহার করার পূর্বেই? তাছাড়া কিছু কিছু পণ্যের পার্শ্বপ্রতিক্রিয়াওতো তাৎক্ষণিক ব্যবহারের ফলে বোঝা যায় না, সেক্ষেত্রে উপায় কি? আর তাছাড়া যে কথাটা তুমি সবার শেষে বললে বিজ্ঞাপনের কথা; পণ্য বাছাই করার ক্ষেত্রে বা সামগ্রিক পণ্যের উপর তথা ক্রেতা সাধারণের উপর সেই বিজ্ঞাপন কতটা প্রভাব বিস্তার করে?
হৃদয়- -হ্যাঁ বন্ধু, তুমি যে কথাগুলো বললে তাতে যুক্তি আছে; বিভিন্ন প্রকার পণ্য আছে বাজারে যা ব্যবহার করেও তাৎক্ষণিক ভালো-মন্দ পুরোপুরি বোঝা যায় না; আর না ব্যবহার করে ভালো-মন্দ যাচাই করা, সেরাটা নির্ণয় করা তো আরও কঠিন কাজ। তবে তোমার নিকট নিশ্চয়ই এর কোন সমাধান বা উপায় আছে, এটা আমার বিশ্বাস। তাছাড়া পণ্য ক্রয় করার সময় বাছাই করার ব্যাপারে যেটি বললে (আকর্ষণীয় বিজ্ঞাপনের কথা) অন্ততঃ আমার ক্ষেত্রে তো তাই মনে হচ্ছে, কিন্তু এতে সমস্যাটা কি?
স্বপ্নিল- দেখ হৃদয়, কিছু কিছু পণ্য আছে যা দেখেই ভালো-মন্দ বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়; আর তোমরা যে বিজ্ঞাপনের সাহায্য নিয়েই পণ্য বাছাই করে থাকো; এবং এখানে সমস্যার কিছু দেখছ না এটাই সবচেয়ে বড় সমস্যা।
অপ্রিয় হলেও সত্য কথা এই-
স্বপ্নিল-- অপ্রিয় হলেও সত্য কথা এই- তোমরা যে কোন পণ্য ক্রয় করার ব্যাপারে যে অর্থ ব্যয় করো, তার সিংহভাগই ঐ আকর্ষণীয় বিজ্ঞাপনের জন্যই দিয়ে থাকো। এক্ষেত্রে দেখা যায় প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম ঠিক রাখতে যেয়ে পণ্যের গুণগত মান ঠিক রাখা সম্ভব হয় না। যদি এমনটিই হতে থাকে তবে মানসম্মত-স্বাস্থ্যসম্মত পণ্য কিভাবে তৈরি হবে স্বল্প মূল্যে? এক্ষেত্রে অবশ্য আমাদের দেশের চিত্র একটু অন্যরকম।
হৃদয়- - সত্যিই তো! আমিও শুনেছি কিছু কিছু পণ্যের ক্ষেত্রে নাকি ৩০% থেকে ৪০%-এরও বেশি বিজ্ঞাপন খরচই যুক্ত থাকে পণ্যের বিক্রয় মূল্যের মধ্যে। তাছাড়া এই মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন নির্মাণ এবং সম্প্রচারের জন্য টেলিভিশনে যখন আধা ঘণ্টার কোন একটা অনুষ্ঠান বা নাটক দেখতে একঘণ্টা বা দেড় ঘণ্টা লেগে যায়, তখন বিরক্ত হয়ে অনেকেই বিদেশী চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের প্রতি ঝুঁকে যায়। আর এভাবেই বিদেশী সংস্কৃতির প্রতি অনেকে আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে কী করার আছে বলো? আচ্ছা, এক্ষেত্রে তোমাদের দেশে কি ধরণের পদ্ধতি বা উপায় প্রচলিত দয়াকরে একটু বলবে?
স্বপ্নিল-- হ্যাঁ বলছি শোন, আমাদের দেশে যেকোন পণ্যের বিজ্ঞাপন নির্মাণ এবং সম্প্রচারে খুবই সতর্কতা অবলম্বন করা হয়। কেননা অসত্য বা অবাস্তব এবং বিভ্রান্তিকর যেকোন বিজ্ঞাপন নির্মাণ এবং তা প্রচার নিষিদ্ধ এবং এমনকি দণ্ডণীয় অপরাধ হিসাবে আইন করা আছে।