শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )

    শ্লোক: ২০:
    রজস্তমোভ্যামাক্ষিপ্তং বিমূঢ়ং মন আত্মনঃ ।
    যচ্ছেদ্ধারণয়া ধীরো হন্তি যা তৎকৃতং মলম্ ॥২০॥
  • অনুবাদ : মন সর্বদাই রজোগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমোগুণের দ্বারা বিভ্রান্ত হয় । কিন্তু শ্রীবিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য , কেননা শ্রীবিষ্ণুর ধারণাই রজো ও তমোগুণপ্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে ।
  • তাৎপর্যঃ- রজো ও তমোগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ভগবত্তত্ব উপলব্ধির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উপযুক্ত নয় । সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম সত্য হৃদয়ঙ্গম করতে পারেন । রজো এবং তমোগুণের প্রভাবে মানুষ কামিনী এবং কাঞ্চনের প্রতি লালায়িত হয় । আর যারা কামিনী - কাঞ্চনের প্রতি অত্যন্ত আসক্ত , তাদের সেই প্রবণতা কেবল শ্রীবিষ্ণুর নির্বিশেষ রূপের নিরস্তর স্মরণের মাধ্যমেই সংশোধন করা যেতে পারে । সাধারণত নির্বিশেষবাদী বা অদ্বৈতবাদীরা রজো এবং তমোগুণের দ্বারা প্রভাবিত । এই ধরনের নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত আত্মা , কিন্তু পরম সত্যের চিন্ময় সবিশেষ রূপ সম্বন্ধে তাদের কোন ধারণাই নেই । প্রকৃতপক্ষে পরম সত্যের সবিশেষ রূপ সম্বন্ধে অজ্ঞ হওয়ার ফলে তাদের হৃদয় কলুষিত । শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে যে , বহু জন্মের পর নির্বিশেষ দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের শরণাগত হন । ভগবানের সবিশেষ রূপের উপলব্ধির যোগ্যতা অর্জনের জন্য পারমার্থিক মার্গে অনভিজ্ঞ নির্বিশেষবাদীদের সর্বেশ্বরবাদ দর্শনের মাধ্যমে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করার সুযোগ দেওয়া হয় ।
        সর্বেশ্বরবাদের সর্বোচ্চ স্তরের অনুশীলনকারীকে পরম সত্যের নির্বিশেষ ধারণা পোষণ করতে দেওয়া হয় না । পক্ষান্তরে জড়াশক্তির মাধ্যমে পরমতত্ত্বকে অনুভব করার প্রয়াস করা হয় । জীবের সেবা করার স্বাভাবিক প্রবণতার মাধ্যমে জড়া - প্রকৃতিপ্রসূত সবকিছুকেই চিন্ময়ত্ব প্রদান করা যায় । ভগবানের শুদ্ধ ভক্ত জানেন কিভাবে সেবাবৃত্তির দ্বারা সবকিছুকেই চিন্ময় অস্তিত্বে রূপান্তরিত করা যায় এবং এই ভক্তির মাধ্যমেই কেবল সর্বেশ্বরবাদকে সার্থক করা সম্ভব ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।