শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )

    শ্লোক: ১৬
    আয়ুৰ্হরতি বৈ পুংসামুদ্যন্নস্তঞ্চ যন্নসৌ।
    তস্যর্তে যৎ ক্ষণো নীত উত্তমশ্লোকবাৰ্তয়া ॥ ১৭ ॥

  • অনুবাদ : সূর্যদেব প্রতিদিন উদিত ও অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যাঁরা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাঁদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না ।
  • তাৎপর্যঃ- এই শ্লোকে পরোক্ষভাবে প্রতিপন্ন করা হয়েছে যে, মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অতি শীঘ্র ভগবদ্ভক্তিপরায়ণ হওয়া । কাল এবং জোয়ার-ভাটা কারোরই প্রতীক্ষা করে না । সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে কালের যে গতি, তা ব্যর্থ হবে যদি পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে তার যথাযথ সদ্ব্যবহার না করা হয় । পৃথিবীর সমস্ত স্বর্ণের বিনিময়েও জীবনের অপব্যবহৃত একটি ক্ষণও ফিরে পাওয়া যায় না । এই মনুষ্য জীবন জীবকে এই জন্য প্রদান করা হয় যাতে সে তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারে এবং তার নিত্য আনন্দের উৎস খুঁজে পেতে পারে । প্রতিটি জীব, বিশেষ করে মানুষ আনন্দের অন্বেষণ করে, কেননা আনন্দ হচ্ছে জীবের প্রকৃতিগত অবস্থা । কিন্তু সে বৃথাই জড় পরিবেশে সেই আনন্দের অন্বেষণ করছে । জীব তার স্বরূপে পূর্ণতমের একটি চিৎ-স্ফুলিঙ্গ, এবং চিন্ময় কার্যকলাপের মাধ্যমে সে পূর্ণরূপে সেই আনন্দ আস্বাদন করতে পারে । ভগবান হচ্ছেন পূর্ণ চিন্ময়, এবং তাঁর নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য তাঁর থেকে অভিন্ন । কেউ যখন ভগবদ্ভক্তির মাধ্যমে যথাযথভাবে ভগবানের উপরোক্ত শক্তিগুলির মধ্যে যে কোন একটির সংস্পর্শে আসে, তৎক্ষণাৎ তার জন্য সিদ্ধির দ্বার খুলে যায় । শ্রীমদ্ভগদ্গীতায় ( ২/৪০ ) ভগবান সেই সম্পর্কে বিশ্লেষণ করে বলেছেন— “ ভগবদ্ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার স্বল্প আচরণও মানুষকে ভবসাগরের মহা ভয় থেকে উদ্ধার করার পক্ষে যথেষ্ট । ” অত্যন্ত শক্তিশালী ওষুধ ধমনীতে প্রবেশ করানোর ফলে যেমন তৎক্ষণাৎ তা সারা শরীরের উপর ক্রিয়া করে, ঠিক তেমনই ভগবানের অপ্রাকৃত কথা শুদ্ধ ভক্তের কর্ণকুহরের মাধ্যমে প্রবিষ্ট হলে তৎক্ষণাৎ কার্যকরী হয় । শ্রবণের দ্বারা অপ্রাকৃত বাণীর উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়, ঠিক যেমন গাছের এক জায়গায় ফল ধরলে বুঝতে হবে গাছের অন্যান্য অংশেও ফল ধরেছে । শুকদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে ক্ষণিকের উপলব্ধিও মনুষ্য জীবনকে অমরত্ব প্রদান করে । তার ফলে সূর্য সেই শুদ্ধ ভক্তের আয়ু হরণ করতে পারে না, কেননা ভগবদ্ভক্তিতে নিরন্তর যুক্ত থাকার ফলে তার অস্তিত্ব বিশুদ্ধ হয়ে ওঠে । মৃত্যু হচ্ছে অমৃতময় জীবের ব্যাধিগ্রস্ত অবস্থার লক্ষণ ; জড় জগতের ভবরোগ নামক সংক্রামক ব্যাধির প্রভাবেই নিত্য জীব জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির কবলগ্রস্ত হয় ।

        শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে, দান আদি জাগতিক পুণ্য কর্ম অনুষ্ঠানের নির্দেশ স্মৃতি-শাস্ত্রে দেওয়া হয়েছে । উপযুক্ত পাত্রে অর্থ দান করা হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যাবে । শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, এই প্রকার দান যেন ব্রাহ্মণকে করা হয় । যদি অব্রাহ্মণকে ( ব্রাহ্মণোচিত গুণাবলী বিহীন ব্যক্তিকে ) অর্থ দান করা হয়, তা হলে পরবর্তী জীবনে সেই মাত্রায় অর্থ ফিরে পাওয়া যায় । তা যদি অর্ধ শিক্ষিত ব্রাহ্মণকে দান করা হয়, তা হলে দ্বিগুণ মাত্রায় সেই অর্থ ফিরে পাওয়া যায় । বিদ্বান এবং পূর্ণ গুণসম্পন্ন ব্রাহ্মণকে যদি তা দান করা হয়, তা হলে তা শত-সহস্র গুণে ফিরে পাও যায় এবং সেই অর্থ যদি বেদ-পারগ ( যিনি বেদের পন্থা যথার্থভাবে উপলব্ধি করেছেন ) ব্যক্তিকে দান করা হয়, তা হলে তা অনন্ত গুণে বর্ধিত হয় । বৈদিক জ্ঞানের চরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা, যে কথা শ্রীমদ্ভগবদ্গীতায় ( বেদৈশ্চ সবৈৰ্হহমেব বেদ্য ) বলা হয়েছে । অর্থদান করা হলে, মাত্রা নির্বিশেষে তা নিশ্চিতভাবে ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । তেমনই, শুদ্ধ ভক্তসঙ্গে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ এবং কীর্তনে যদি একটি ক্ষণও যথাযথভাবে ব্যবহার করা হয়, তা হলে নিত্য জীবন লাভ করে জীবের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । মদ্ধাম গত্বা পুনর্জন্ম ন বিদ্যতে । অর্থাৎ, ভগবদ্ভক্ত যে নিত্য জীবন লাভ করবেন, তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । ভক্তের বর্তমান জীবনে যে জরা এবং ব্যাধির প্রভাব দেখা যায়, তা প্রকৃতপক্ষে প্রতিশ্রুত নিত্য জীবনের প্রেরণা।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।