শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ২
    শাব্দস্য হি ব্ৰহ্মণ এয পন্থা
    যন্নামভির্ধ্যায়তি ধীরপার্থৈঃ
    পরিভ্রমংস্তত্র ন বিন্দতেঽর্থান্
    মায়াময়ে বাসনয়া শয়ানঃ ॥২ ॥

  • অনুবাদ : বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে , মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয় । বন্ধ জীব স্বর্গলোকে অলীক সুখভোগের স্বপ্নে আবিষ্ট হয় , কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোনরকম প্রকৃত সুখ আম্বাদন করতে পারে না ।
  • তাৎপর্যঃ- বদ্ধ জীব সর্বদাই জড় জগতে , এমন কি ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত সুখভোগের নানা প্রকার পরিকল্পনায় ব্যস্ত । এই পৃথিবীতে , যেখানে সে প্রকৃতির সম্পদগুলি যথাসাধ্য শোষণ করেছে , সেখানকার সমস্ত সুযোগ - সুবিধাগুলি পাওয়া সত্ত্বেও সে সন্তুষ্ট নয় । সে চন্দ্রলোকে অথবা শুক্রলোকে যেতে চায় সেখানকার সমস্ত সম্পদ সংগ্রহ করার জন্য । কিন্তু ভগবান ভগবদগীতায় ( ৮/১৬ ) এই ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহের এবং অন্যান্য ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের সারহীনতা সম্বন্ধে সতর্ক করে দিয়েছেন । অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে । কিন্তু তাদের কোনটিই জড় অস্তিত্বের মুখ্য ক্লেশসমূহ অর্থাৎ জন্মের ক্লেশ , মৃত্যুর ক্লেশ , বার্ধক্যের ক্লেশ এবং ব্যাধির ক্লেশ থেকে মুক্ত নয় । ভগবান বলেছেন যে , সর্বোচ্চ লোক ব্ৰহ্মলোক বা সত্যলোকও উপরোক্ত অড় দুঃখ - দুর্দশাগুলির জন্য সুখে বসবাস করার উপযুক্ত স্থান নয় , তা হলে স্বর্গলোক আদি অন্যান্য লোকের কি কথা বদ্ধ জীবেরা কর্মের কঠিন আইনের অধীনে , এবং সেই কর্মের প্রভাবে তারা কখনো ব্রহ্মলোকে যায় , আবার কখনো পাতাল লোকে যায় , ঠিক যেমন একটি অবোধ শিশু নাগরদোলায় চড়ে কখনো উপরে ওঠে এবং কখনো নীচে নামে । প্রকৃত আনন্দ রয়েছে ভগবদ্ধামে , যেখানে কাউকেই জড় অস্তিত্বের দুঃখ - দুর্দশা ভোগ করতে হয় না । তাই বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ডে যে সকাম কর্মের নির্দেশ দেওয়া হয়েছে , তা জীবের পক্ষে ভ্রাস্তিজনক । মানুষ দেশ - দেশাস্তরে অথবা গ্রহ থেকে গ্রহান্তরে উন্নততর জীবনের আশা করে , কিন্তু এই জড় জগতের কোথাও তার জীবনের প্রকৃত বাসনা , অর্থাৎ নিত্য জীবন , পুণজ্ঞান এবং পূর্ণ আনন্দ সে লাভ করতে পারে না । পরোক্ষভাবে শ্রীল শুকদেব গোস্বামী প্রতিপন্ন করছেন যে তার জীবনের অস্তিম সময় মহারাজ পরীক্ষিৎ যেন তথাকথিত স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা না করেন , পক্ষাস্তরে তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন । জড় জগতের কোন গ্রহলোকই , এবং জীবন ধারণের জন্য সেখানকার সুযোগ সুবিধাগুলি চিরস্থায়ী নয় ; তাই সেই সমস্ত অনিত্য সুখ ভোগের ব্যাপারে বাস্তবিক অনিচ্ছা পোষণ করা কর্তব্য ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।