শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ৩৩
    ন হ্যতোঽন্যঃ শিবঃ পন্থা বিশতঃ সংসৃতাবিহ ।
    বাসুদেবে ভগবতি ভক্তিযোগো যতো ভবেৎ । ৩৩ ।

  • অনুবাদ : ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোন মঙ্গলময় পন্থা নেই ।
  • তাৎপর্যঃ- পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে , ভগবক্তি বা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার পন্থাই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মঙ্গলময় পথ । জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানারকম পরোক্ষ পন্থা রয়েছে , কিন্তু তাদের কোনটিই ভক্তিযোগের মতো এত সহজ এবং মঙ্গলময় নয় । জ্ঞান , যোগ এবং অন্য কোন পন্থা স্বতন্ত্রভাবে অনুষ্ঠানকারীকে উদ্ধার করতে পারে না । সেই সমস্ত পন্থাগুলি মানুষকে বহু বহু বছর অনুশীলনের পর ভক্তিযোগের স্তরে পৌছে দেয় । শ্রীমদ্ভগবদগীতায় ( ১২/৫ ) বলা হয়েছে , যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত , তারা তাদের উদ্দেশ্য সাধনের পথে নানা প্রকার ক্লেশ এবং দুঃখ - দুর্দশা ভোগ করে থাকে । শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৭/১৯ ) আরও বলা হয়েছে যে , জ্ঞানীরা বহু জন্ম - জন্মান্তরের পর পরমেশ্বর ভগবান বাসুদেবকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারেন । যোগের পস্থা সম্বন্ধে শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৬/৪৭ ) বলা হয়েছে যে , সমস্ত যোগীদের মধ্যে তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত আর শ্রীমদ্ভগবদগীতার ( ১৮/৬৬ ) চরম উপদেশ হচ্ছে , সর্ব ধর্ম পরিত্যাগ করে , অর্থাৎ আত্ম - উপলব্ধির এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সমস্ত পন্থা পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া সমস্ত বৈদিক শাস্ত্রের মূল বক্তব্য হচ্ছে সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া ।

        শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধে ইতিপূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে , সবরকম সকাম কর্মের বাসনা পরিত্যাগ করে সরাসরিভাবে ভক্তিযোগের পন্থা অবলম্বন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম , অথবা সেই পথ অবলম্বন করা যা চরমে ভক্তিযোগে পর্যবসিত হবে । তাছাড়া আর সবকিছুই সময়ের অপচয় মাত্র শ্রীল শ্রীধর স্বামী এবং শ্রীল জীব গোস্বামী প্রমুখ সমস্ত আচার্যেরা স্বীকার করে গেছেন যে , ভক্তিযোগ কেবল সহজ , সরল , স্বাভাবিক এবং ক্লেশমুক্তই নয় , তা সমগ্র মানবকুলের সবরকম সুখের একমাত্র উৎস ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।